কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কাপ্তাইয়ের সীতার ঘাট এলাকায় নদীতে নেমে স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজিদ শাহারিয়ার সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

জানা যায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইডের সঙ্গে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড়ে ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তারা।

এ সময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সাজিদ। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।

নিহত শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম বলেন, “আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষ করে নদী থেকে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সাজিদ পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দলও যুক্ত হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছিল। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *