আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন।
সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তারা একটি গাড়িতে ছিলেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অপর গাড়িতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেন।
আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তাসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।
সৌদি কর্তৃপক্ষের দাবি, সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করার ফলে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সহায়তা করেছে।
তবে আল-আহসার এ দুর্ঘটনা দেশটির সড়কে এখনো বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। নিহতদের পরিচয় এবং গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।