ফ্রি কিকের ৭৫ গোল মেসির, রেকর্ড থেকে মাত্র তিন গোল দূরে

স্পোর্টস ডেস্ক:

স্যান ডিয়েগোর বিপক্ষে গোল করে ফ্রি কিক থেকে গোলের সংখ্যায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে করা এই গোলটি ছিল ফ্রি কিক থেকে তাঁর ৭৫তম গোল। ফলে সর্বকালের ফ্রি কিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

নু স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের শট নেন মেসি। বলটি কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে লাফিয়ে দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। মেসির গোলে ম্যাচে সমতায় ফেরে ইন্টার মায়ামি। তবে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

এই গোলের মাধ্যমে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। আগের ম্যাচে ক্যারিয়ারের ৯৩০তম গোলের মাইলফলক ছোঁয়া মেসি ইন্টার মায়ামির জার্সিতে করেছেন ১০১তম গোল।

ফ্রি কিক থেকে ৭৫ গোল করে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের জায়ার রোজা পিন্তোকে, যার সরাসরি ফ্রি কিক থেকে গোলসংখ্যা ৭৪। এই তালিকায় মেসির সামনে এখন কেবল ব্রাজিলের মার্সেলিনিয়ো কারিওকা। তাঁর সরাসরি ফ্রি কিক থেকে গোল রয়েছে ৭৮টি।

অর্থাৎ সর্বকালের রেকর্ড স্পর্শ করতে মেসির প্রয়োজন আরও তিনটি গোল, আর চারটি গোল করতে পারলেই এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ কলাম্বাসের বিপক্ষে, ২৮ সেপ্টেম্বর। সেই ম্যাচেই মেসি ব্যবধান কমাতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *