আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করে পালটা আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ সতর্কবার্তা দিয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে।
আইআরজিসির মুখপাত্র বলেন, নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে।
তিনি আরও বলেন, আগের হামলায় যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল, এবার সেসব লক্ষ্যবস্তুই যে হামলার আওতায় থাকবে, এমন নয়। ইরানের এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।
আইআরজিসির ওই মুখপাত্র জানান, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও ইরান প্রস্তুত রয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।
গুরুত্বপূর্ণ এই জলপথে চাপ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।