বিনোদন প্রতিবেদক:
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তা আরও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তানজিন তিশা। সেখানে তিনি জানান, নিজ দেশে সোনার গহনা পরে চলাফেরা করতেও তিনি নিরাপদ বোধ করেন না। দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিশা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
দেশের বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন নানা সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে তানজিন তিশা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
সোনার গহনা পরে চলাফেরার প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন অভিনেত্রী। তার প্রশ্ন, গহনা সঙ্গে নিয়ে ঘোরার পরিবর্তে তা পরে চলাফেরা করাই বা কেন সম্ভব হবে না?
এ প্রসঙ্গে তিশা বলেন, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই, বরং সেটি পরেই চলাফেরা করা যায়। তবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হলে এভাবে চলাফেরা করাও উদ্বেগের হয়ে ওঠে বলে তার বক্তব্যে উঠে আসে।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত সিনেমা ‘সোলজার’। এতে তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন।