নাসির আহমেদ:
নড়াইলের কালিয়া পৌরসভার মধ্য সিতারামপুর গ্রামে একটি বসতবাড়ির পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের পর ঘরের ভেতরে আগুন ধরে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে কালিয়া পৌরসভার মধ্য সিতারামপুর গ্রামের মৃত কালা চানের স্ত্রী সবুরুন্নেসার বাড়ির পূর্ব পোতার একটি পরিত্যক্ত ঘরে এ বোমা বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, সবুরুন্নেসার বাড়িতে দীর্ঘ পাঁচ বছর ধরে সুমন হাওলাদার ও তার স্ত্রী কাজল বেগম ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বাড়ির পূর্ব পোতার পরিত্যক্ত ওই ঘরের একটি জানালা খোলা ছিল। অপর একটি বন্ধ জানালা দিয়ে একটি রশি বের করা ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অসাবধানতাবশত ওই রশিতে টান পড়লে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরের ভেতরে আগুন ধরে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং আগুন নেভাতে সহায়তা করেন।
বিস্ফোরণের ঘটনায় ঘরের ভেতরে আগুন ধরে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। ঘটনার বিষয়ে তথ্য জানতে পুলিশ বাড়ির ভাড়াটিয়া কাজল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পরিত্যক্ত ঘরে কীভাবে বোমাটি সেখানে এল এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী—তা নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।