টুটপাড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। হামলার আগে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে জানিয়েছে পুলিশ ও তার স্বজনরা। পরে দুর্বৃত্তরা একাধিক গুলি ছুড়লে একটি গুলি তার ডান পায়ে লাগে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুটপাড়া বাজারের মসজিদের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজ্জাদ টুটপাড়া জোড়াকল বাজার এলাকার কাজী কামালের ছেলে। তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার বিকেলে টুটপাড়া বাজারে ডেলিভারি দিতে যাচ্ছিলেন কাজী সাজ্জাদ। এ সময় মসজিদের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রথমে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাজ্জাদকে কুপিয়ে আহত করে। এরপর তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার ডান পায়ে লাগে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

গুলির শব্দ ও হামলার ঘটনা টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আহত সাজ্জাদকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা কারা এবং কী কারণে সাজ্জাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *