নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। প্রস্তাবে দূরপাল্লা ও মহানগর—সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে বাড়ানোর কথা বলা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব রয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।
তবে প্রস্তাবিত ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। বিআরটিএর সিদ্ধান্ত ও পরবর্তী প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়া কার্যকর হবে।
এর আগে সরকার ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করে। আগের দামের তুলনায় প্রতিটি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।