হিপ-হপ ও র‍্যাপের ছন্দে ক্রাউন ইঞ্জিনের ‘কী হইলো!’

বিনোদন প্রতিবেদক:

ভিন্নধারার সংগীত নিয়ে নিয়মিতই শ্রোতাদের সামনে হাজির হচ্ছে দেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। এবার হিপ-হপ ও র‍্যাপের মিশেলে নতুন গান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’ সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটিতে সমসাময়িক সংগীতের আবহের সঙ্গে হিপ-হপ ও র‍্যাপের ছন্দের সমন্বয় ঘটিয়ে ভিন্নধর্মী একটি পরিবেশ তৈরির চেষ্টা করেছেন ক্রাউন ইঞ্জিন।

‘কী হইলো!’ গানে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ‘পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই’ গানটির কথা। প্রয়াত গীতিকার ও সুরকার আবদুল লতিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল।

গানটির শিল্পী, সুরকার ও গীতিকার ক্রাউন ইঞ্জিন নিজেই। কোরাসে কণ্ঠ দিয়েছেন আলী আদনান আদর। সংগীত প্রযোজনায় রয়েছেন ক্রিটিক্যাল মাহমুদ এবং বিট প্রযোজনায় এম আর রাব্বি। গিটারে ছিলেন আরিয়ান হাসান ও তীর্থ চক্রবর্তী।

গানটি প্রসঙ্গে ক্রাউন ইঞ্জিন বলেন, ‘কী হইলো! গানে র‍্যাপের ছন্দ ও হিপ-হপের আবহের সঙ্গে নিজের সংগীতভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা গানটি নিজেদের মতো করে উপভোগ করবেন—এটাই প্রত্যাশা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *