রায় নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হন আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী। এ বিষয়ে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়। পরে তাঁদের সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট করেন আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীমের ভাষ্য অনুযায়ী, হাসানুজ্জামান তুষার তাঁর একটি পোস্টে ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’, ‘মিথ্যা-বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন। অপর একটি পোস্টেও তিনি রায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা জানান। ওই পোস্টের মন্তব্যের ঘরে ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরীও রায়কে ‘অবৈধ’ ও ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রত্যাখ্যানের কথা লেখেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, আইনজীবী হিসেবে জেনে-বুঝে আদালতের রায় নিয়ে এ ধরনের মন্তব্য করলে জনমনে ভিন্ন বার্তা যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার প্রতিবাদে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *