জনপ্রিয়তার দৌড় নয়, নিজের মতো করেই এগোতে চান স্পর্শিয়া

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নিজের মতো করেই অভিনয়ের পথচলা এগিয়ে নিতে চান। কাল্পনিক গল্পের পাশাপাশি বাস্তব চরিত্রেও সমানভাবে কাজ করার আগ্রহ রয়েছে তার। বয়সের সঙ্গে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে আবিষ্কার করতে চান এই অভিনেত্রী।

স্পর্শিয়া বলেন, “আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি চাই বাস্তব চরিত্রে সমানভাবে কাজ করে যেতে। যাতে বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারি।” নানা ধরনের গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরার মধ্য দিয়ে অভিনয়জগতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

সম্প্রতি ‘লালপরী’ নাটকে আরও একবার ভিন্নভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন স্পর্শিয়া। নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে নতুন রূপে তাকে আবিষ্কার করেছেন দর্শকরা।

‘লালপরী’ নাটকে অভিনয়ের প্রসঙ্গে স্পর্শিয়া জানান, সময়ের সঙ্গে সমাজের বিভিন্ন চরিত্র নানা ঘটনার মধ্য দিয়ে গল্পে রূপ নেয়। এসব গল্প ও চরিত্রের প্রতি তার আলাদা দুর্বলতা রয়েছে। অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোকে দর্শকের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলাই তার কাছে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিতে তিনি সবসময় প্রস্তুত বলেও জানান।

অভিনয় নিয়ে স্পর্শিয়ার ভাবনাচিন্তা সমসাময়িক অনেকের চেয়ে আলাদা। জনপ্রিয়তার দৌড়ে না গিয়ে নিজের পছন্দের গল্প ও চরিত্রে কাজ করতেই বেশি আগ্রহী তিনি। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে একজন পরিণত শিল্পী হয়ে ওঠাই তার লক্ষ্য।

টেলিভিশনের বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে নির্মাতাদের নজরে আসেন স্পর্শিয়া। এরপর নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। পর্দায় তার স্বতন্ত্র উপস্থিতি ও সাবলীল অভিনয় দর্শকদের কাছেও প্রশংসিত হয়েছে।

অভিনয়জগতে নিজের দীর্ঘ পথচলার কথা বলতে গিয়ে স্পর্শিয়া বলেন, বিজ্ঞাপনের সূত্র ধরেই অভিনয়ে পা রেখেছিলেন তিনি। তখনও জানতেন না, এই পথচলা এত দীর্ঘ হবে। শুরুতে করা কাজগুলোই তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়ায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

তিনি বলেন, নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করার সুযোগ পেয়েছেন। কাজ করতে করতে কখন যে দেড় দশক পেরিয়ে গেছে, তা বুঝতেই পারেননি। তার ভাষায়, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। যে টিকে থাকতে পারে, সেই জয়ী। এতদিন ধরে টিকে থাকাটাকেই নিজের বড় সাফল্য হিসেবে দেখেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে ‘ঘূর্ণিপাক’, ‘দূরত্ব’, ‘অসহায়’, ‘এলগরিদম’, ‘লাভ স্টোরি’, ‘এই গল্পের নাম কী’, ‘জার্নি বাই রোমান্স’, ‘লাভ উইন টার্ন’, ‘সুবর্ণপুর বেশি দূরে নয়’, ‘নূর’, ‘সুইট ফ্যামিলি’, ‘চিরকুট’, ‘মন ছুঁয়ে’, ‘মায়ের বিয়ে’, ‘লাল মাংসের ঝোল’, ‘গুন্ডা’, ‘ক্রেজি লাভার’, ‘ক্রিটিসাইজ’, ‘যদি আমার না হও’, ‘জুতা নিজ দায়িত্বে রাখবেন’, ‘শেষটা তুমি’, ‘মিরাকল অব লাভ’, ‘প্রতিদান’, ‘এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং’, ‘রংবাজ’, ‘কী কথা তাহার সাথে’, ‘মাই ব্যাড বয়’, ‘দ্য ফ্যামিলি’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘পথের সাথীকে চিনে নিও’ ও ‘লালপরী’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া।

এ ছাড়া ‘এখানে নোঙর’, ‘ছক’, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঠবিড়ালি’ ও ‘নবাব এলএলবি’তেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের এই দীর্ঘ পথচলায় শুধু টিকে থাকা নয়, ভিন্নধর্মী চরিত্রে নিজের অভিনয় প্রতিভা তুলে ধরে দর্শকের প্রশংসা অর্জনের লক্ষ্যেই এগিয়ে যেতে চান অর্চিতা স্পর্শিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *