স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার আগ্রহের প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হতে যাওয়া মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেছে।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুর পর ৮৫ হাজার ১৮টি টিকিট মাত্র দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে থাকছে বিশেষ আয়োজনও। ম্যাচটিতে ৩৯ বছর বয়সী এই তারকা বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন। জার্সিটিতে তার নামের সঙ্গে ঐতিহাসিক ১০ নম্বরটি থাকবে সোনালি নকশায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার অর্জনে ভরপুর। তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। পাশাপাশি তার রয়েছে ৬৮টি অ্যাসিস্ট।
ফলে আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি কেবল একটি প্রীতি ম্যাচে সীমাবদ্ধ থাকছে না। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার মুহূর্তের সাক্ষী হতে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।