আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিজেদের একটি ড্রোনের বিস্ফোরণে ইসরায়েলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, নিজেদের একটি ড্রোনের বিস্ফোরণে দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ড্রোন গাজা উপত্যকার একটি সামরিক চৌকিতে বিধ্বস্ত হয়। তবে ওই সময় ড্রোনটি বিস্ফোরিত হয়নি। পরে কয়েকজন সেনা ড্রোনটির কাছে গেলে সেটিতে বিস্ফোরণ ঘটে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
নিহত দুই সেনা হলেন—ইসরায়েলের সামরিক বাহিনীর ১৬তম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের ২৪ বছর বয়সী নাদাব কালি এবং ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন।
যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৯৭০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মারা গেছেন।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।