ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে পালকী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *