আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ সৃষ্টির বিরোধিতা করেছে ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ জোটভুক্ত ১২টি দেশ। এর মধ্যে রয়েছে পাকিস্তান, ইতালি, স্পেন, তুরস্ক ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন অঞ্চলের দেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে বৃহস্পতিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে জোটটি নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর প্রস্তাব দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানোই সবচেয়ে ন্যায়সংগত ও গণতান্ত্রিক পন্থা। বিশেষ করে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জোটটি নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী আসন সৃষ্টির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পরিষদ সংস্কার নিয়ে আলোচনার ক্ষেত্রে আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকে বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে সমর্থন জানিয়েছে।
ভেটো ক্ষমতা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে জোটটি। তারা দীর্ঘমেয়াদে ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি যুদ্ধাপরাধ ও ব্যাপক নৃশংসতার মতো গুরুতর পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১২ দেশ হলো—আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক। জাতিসংঘের নথিতেও ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ জোটের সদস্য হিসেবে এই ১২ দেশের নাম উল্লেখ রয়েছে।