টাঙ্গাইল প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগত। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইল।”
টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আগামী দিনে আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকব সবসময়।”
সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান। বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলনমেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় উঠে আসে। একই সঙ্গে টাঙ্গাইল জেলার উন্নয়নের সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।
পরে দিনব্যাপী এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের মিলনমেলায় পরিণত হয়।