সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ কর্মসূচির ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক:

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ার পর ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেফতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা দেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এ আন্দোলন শুরু করার কথা জানিয়েছে দলটি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক মূলত খেলাধুলার জন্য নির্ধারিত এলাকা। সেখানে রাজনৈতিক সমাবেশ হলে শব্দদূষণের পাশাপাশি আশপাশের বড় হাসপাতালগুলোতে রোগীদের যাতায়াতেও সমস্যা তৈরি হতে পারে। এসব কারণ বিবেচনায় সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এ সিদ্ধান্তের সমালোচনা করে অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার এ ধরনের কৌশল মেনে নেওয়া যায় না।

সম্প্রতি ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দাবির ধারাবাহিকতায় আগামী ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *