জনগণের শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে: নজরুল ইসলাম খান

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যারা ব্যাহত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কারও কাছে হাত পাতি না। আমরা পরিশ্রমী মানুষ।’ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করতেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছিল দাবি করে নজরুল ইসলাম খান বলেন, দলের নেতাকর্মীরা এ জন্য কারাবরণ করেছেন। গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে। এরপরও দীর্ঘ সময় তাদের আন্দোলনের মাঠে থাকতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে শ্রমজীবী মানুষের বড় অংশ হতাহত হয়েছেন। এ কারণে এমন কোনো কর্মকাণ্ড না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যাতে প্রতিদ্বন্দ্বীরা সুযোগ নিতে পারে। তার দাবি, বর্তমানে সে ধরনের সুযোগ তৈরির চেষ্টা চলছে।

চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। তার ভাষ্য, প্রকৃত বিএনপি নেতাকর্মীদের কেউ চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে যুক্ত হতে পারেন না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিএনপির কর্মী হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, বর্তমান সরকার সফল না ব্যর্থ—এমন মূল্যায়ন করার সময় এখনো হয়নি। সরকারের মেয়াদের মাত্র এক-দশমাংশ সময় পার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *