সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে টায়ার পুড়িয়ে বায়ু ও পরিবেশ দূষণের দায়ে গ্রিন এনার্জি নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।
জানা যায়, ধল্লা এলাকায় অবস্থিত গ্রিন এনার্জি নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে বায়ু ও পরিবেশের ক্ষতি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সোমবার সকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির প্রতিষ্ঠানটির সব স্থাপনা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।