নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারে মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পরিচয়হীন এক নারী (আনুমানিক বয়স ৩০-৩৫) নিহত হয়েছেন। সোমবার (আজ) সন্ধ্যা ৬টার দিকে চিটাগাং রোড এলাকার ১০ তলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ওই নারী মহাসড়কের ডিভাইডার টপকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস মিয়া জানান, দুর্ঘটনাস্থলের ঠিক পাশেই পথচারীদের নিরাপদ পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ রয়েছে। কিন্তু সেটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে ডিভাইডার দিয়ে মহাসড়ক পার হতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *