অরুণাচলে বিদ্রোহীদের হামলায় আসাম রাইফেলসের জওয়ান নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জওয়ান। মিয়ানমার সীমান্তসংলগ্ন ওই এলাকায় মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ২১ আসাম রাইফেলসের সদস্যরা সীমান্ত বেড়া নির্মাণকাজ চলা একটি এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় নিহত জওয়ানের নাম হাবিলদার জানখোখাই কুকি (৪২)। আহত চার জওয়ানকে উদ্ধার করে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে এনএসসিএন (কে-ওয়াইএ) উপদলের বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর ওই এলাকায় অবস্থান নেওয়া বিদ্রোহীদের শনাক্ত ও নির্মূল করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে।

চ্যাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এ কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়ে আসছে।

হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযান ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *