চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের উভয় পাশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযান সূত্রে জানা যায়, কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড়ের (শাহাজী চত্বর) পর থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশে ও ফুটপাত দখল করে দোকানসহ বিভিন্ন ধরনের কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনার কারণে সড়ক ও ফুটপাতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কের উভয় পাশ ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।

চসিক জানিয়েছে, জনস্বার্থে নগরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, এসআরবি-৭ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *