নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মুরাদ (৪৩), সুমন (৩৫) ও রুহুল আমিন। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার মুরাদের পিসিপিআর যাচাই করে সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৬টি মামলায় তাঁর আসামি থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে বাকলিয়ার এক্সেস রোডসংলগ্ন সৈয়দশাহ রোড এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় কয়েকটি বিকট শব্দ ও গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ওই রাতেই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী অভিযানে মামলার প্রধান আসামি মুরাদসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।