আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র কাবা শরিফে এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কাঁধে কালো ব্যাগ থাকা এক ব্যক্তিকে কয়েকজন নিরাপত্তাকর্মী জাপটে ধরে মাটিতে শুইয়ে নিয়ন্ত্রণে রাখছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে কাবা শরিফে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করা হয়। তবে এ খবরকে গুজব বলে জানিয়েছে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ।
শুক্রবার (২ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে সৌদি জননিরাপত্তা বিভাগ জানায়, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে হেনস্তা করছিলেন এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিলেন বলে জানানো হয়।
আত্মঘাতী বোমা হামলার গুঞ্জন প্রসঙ্গে সৌদি নিরাপত্তা বিভাগ জানায়, এ ধরনের গুঞ্জনের কোনো সত্যতা নেই।
সংস্থাটি আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
তবে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কাবা শরিফের ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণের চেষ্টা করেছিলেন। তবে সেই বোমার বিস্ফোরণ ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সৌদি কর্তৃপক্ষের বক্তব্যে অবশ্য এমন কোনো তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি।
ইসলামের পবিত্রতম স্থানগুলোর অন্যতম কাবা শরিফ। মুসলমানদের নামাজের কিবলা হিসেবে এটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে।