স্টাফ রিপোর্টার:
রাত তখন সাড়ে ১২টা। মানিকগঞ্জ শহর প্রায় নিস্তব্ধ। এর মধ্যেই শহরতলির বেউথা কালীগঙ্গা নদীর ঘাটে চলছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচের শেষ মুহূর্তের প্রস্তুতি। হঠাৎ অনুষ্ঠানস্থলে হাজির হন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নদীর তীরে নৌকা বাইচের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে কথা বলে আয়োজনের বিভিন্ন দিক এবং শেষ মুহূর্তের প্রস্তুতির খোঁজ নেন।
নৌকা বাইচের প্রধান অতিথি হিসেবে নির্ধারিত খাদ্যমন্ত্রীর এমন মধ্যরাতের পরিদর্শনে আয়োজক কমিটি ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আয়োজকদের ভাষ্য, সাধারণত অনুষ্ঠানের নির্ধারিত সময়েই প্রধান অতিথিরা উপস্থিত হন। তবে আয়োজনের আগেই সরেজমিনে প্রস্তুতি দেখতে আসা তাঁদের কাছে ব্যতিক্রমী ঘটনা।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করার প্রস্তুতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি পুরো অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে মানিকগঞ্জজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কালীগঙ্গা নদীর দুই পাড়ে সাজসজ্জা ও আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও আসতে শুরু করেছেন।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, প্রধান অতিথি মধ্যরাতে এসে এভাবে প্রস্তুতি দেখে যাবেন, তা তাঁরা ভাবেননি। তাঁর সরেজমিন পরিদর্শন তাঁদেরও চমকে দিয়েছে।