ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনী প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৫৫) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক উপসহকারী পরিচালক (ডিএডি) নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ট্রাকচালক সজীব (৩০) এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত অবস্থায় ২০২৫ সালের ৩০ এপ্রিল র‍্যাবে যোগ দেন। চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

এসআরবি ফেনী ক্যাম্প ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এসআরবির একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে থামে।

দুর্ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেনকে সহকর্মীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এসআরবি সদস্য শরীফ বলেন, চেকপোস্টে ১৫ থেকে ১৬ জন সদস্য ছিলেন। আলমগীর হোসেন সড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, রাত ১টার দিকে এসআরবির ওই কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার কোমর থেকে নিচের অংশ থেঁতলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, তিনিও চেকপোস্টে দায়িত্বে ছিলেন। আলমগীর হোসেন তার কিছুটা দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি এসে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সহকর্মীর এমন মৃত্যুতে তারা শোকাহত।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত এসআরবি কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ট্রাকচালক সজীব এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *