নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ আমাদের সবার। আমরা বিরোধী দলে থাকলেও আমরা দায়িত্বহীন নই। আমাদেরও দায়িত্ব আছে।’ দেশের স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি ব্যাংক, বিমা, করপোরেশন ও শেয়ারবাজারের পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঢাকা বিমানবন্দরে সম্প্রতি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে লাগেজ পেতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ওমরাহ থেকে ফেরার সময় সঙ্গে আনা জমজমের পানিও তিনি ফেরত পাননি বলে দাবি করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ওই ঘটনার প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি কারও গায়ে হাত তোলেননি দাবি করে মামলাটিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন। বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজের প্রসঙ্গ তুলে তিনি এ ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো হয়েছে। তাকে অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে।’ এ ঘটনার নিন্দা জানান তিনি।
সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণকে বোকা বা অন্ধ ভাবার সুযোগ নেই। বর্তমানে কোনো ঘটনা আড়াল করে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ডেঙ্গুর পাশাপাশি হামেও অনেক মানুষ মারা গেছে। ডেঙ্গুর টিকা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগে টিকা আনা সম্ভব না হলে বেসরকারি পর্যায়ে তা আমদানির সুযোগ দেওয়া উচিত।
তিনি বলেন, জামায়াতে ইসলামী দুর্যোগের সময় বসে থাকার সংগঠন নয়। ডেঙ্গুকে তারা ‘মহামারির মতো’ পরিস্থিতি হিসেবে দেখছেন উল্লেখ করে তিনি বলেন, শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখা হবে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, মশার প্রজননস্থল হিসেবে পরিচিত খাল, বদ্ধ নালা ও অন্যান্য স্থান পরিষ্কার করতে হবে। আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় কেন্দ্রীয় ও মহানগর জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।