টানা তিন ম্যাচে বিরল কীর্তি, ইয়ামাল ফিরলেন রেকর্ডের পাতায়

স্পোর্টস ডেস্ক:

চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে টানা তৃতীয় জয় পেয়েছে স্পেন। দলের জয়ে শুরুতেই গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিরল এক রেকর্ডে নিজের নাম তুলেছেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল।

শনিবারের ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার কীর্তি গড়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করলেন ইয়ামাল।

কিরগিজস্তানের হয়ে জেমলিয়ানুখিন ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে এই কীর্তি গড়েছিলেন। ব্রুনাইয়ের বিপক্ষে প্রথম মিনিটে, মিয়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন তিনি।

অন্যদিকে ইয়ামাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় মিনিটে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষেও দ্বিতীয় মিনিটে গোল করেন। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ষষ্ঠ মিনিটে গোল করে বিরল এই রেকর্ডে নিজের নাম লেখান।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ের ফলে নেশনস লিগে তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। ম্যাচে ইয়ামালের পর গোল করেন রদ্রি ও মিকেল মেরিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *