বিনোদন ডেস্ক:
মুম্বাইয়ে একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রচারণামূলক অনুষ্ঠানে ভাই সালমান খানকে নিয়ে প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে ওই আলোকচিত্রীকে পাল্টা প্রশ্ন করেন তিনি।
সম্প্রতি আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিক ও আলোকচিত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আরবাজ। একপর্যায়ে এক আলোকচিত্রী সালমান খানের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। সামাজিক মাধ্যমে ট্রলকারীদের উদ্দেশে সালমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উঠতেই আরবাজের প্রতিক্রিয়ায় পরিবর্তন দেখা যায়।
প্রশ্নটি শুনে আরবাজ সংক্ষেপে বলেন, ‘এক্সকিউজ মি… ধন্যবাদ, ধন্যবাদ।’ এরপর তিনি সামনে এগিয়ে গিয়ে ফটোশুটে অংশ নেন।
ফটোশুট শেষে অবশ্য আবার পেছনে ফিরে ওই আলোকচিত্রীর উদ্দেশে নিজের অসন্তোষ প্রকাশ করেন আরবাজ। তিনি প্রশ্ন করেন, ‘প্রশ্নটি কি আজকের এই ইভেন্টের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত ছিল?’
সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে ছোট ভাই সোহেল খানের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রলের প্রসঙ্গে কথা বলেন সালমান। তিনি ট্রলকারীদের অন্যের চেহারা বা ওজন নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দেন। সোহেল ও অভিনেতা বরুণের মতো মানুষদের শারীরিক পরিবর্তন নিয়ে উপহাস না করার কথাও বলেন তিনি।
সালমানের ওই বক্তব্যের সূত্র ধরেই আরবাজকে প্রশ্ন করা হয়েছিল বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে আরবাজ প্রকাশ্যে কোনো বিস্তারিত মন্তব্য না করে প্রশ্নটি এড়িয়ে যান।
২০২৬ সালে মুক্তি পাওয়া ‘বিহু অ্যাটাক’ সিনেমায় সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে আরবাজ খানকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন দেব মেনারিয়া, ডেইজি শাহ, রাহুল দেব, রাজা মুরাদ, যুক্তি কাপুর ও হিতেন তেজওয়ানি।