পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘরের মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া গেছে।
নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী ও আফজাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেসমিন বেগম বাড়িতে একাই ছিলেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় রাতে দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে গিয়ে জেসমিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের দিকে যায়। সেখানে খাটের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরের মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় দেখতে পান। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘরের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। লুটপাটে বাধা দেওয়া অথবা তাদের চিনে ফেলায় জেসমিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
ঘটনার খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল এবং কাউখালী থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির কারিগরি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।