আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর তাইজকে ঘিরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শহরটির সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সরবরাহ সড়ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা।
রোববার (৪ অক্টোবর) চারটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, হুথিরা তাইজ-এডেন সড়কের আল-সাফিয়া এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে ওই এলাকার একটি থানাও দখলে নেওয়া হয়েছে বলে একটি পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশের একটি সূত্র এএফপিকে জানায়, আল-সাফিয়া এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিরা প্রধান সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে এবং থানাটি দখলে নিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর তিনটি সূত্রও হুথিদের ওই এলাকা ও গুরুত্বপূর্ণ সরবরাহপথ নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারি বাহিনীর জন্য সড়কটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ হিসেবে ব্যবহৃত হতো। ফলে এটি বিচ্ছিন্ন হওয়ায় তাইজে সরকারি বাহিনীর রসদ ও অস্ত্র পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সাম্প্রতিক দিনগুলোতে তাইজ প্রদেশে সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী এর আগে তাইজে হুথিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একাধিক বিমান হামলার কথা জানিয়েছিল।
তবে এসব হামলার মধ্যেও হুথিরা তাইজের সঙ্গে এডেনের গুরুত্বপূর্ণ সড়কটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে। সামরিক সূত্রগুলো বলছে, শহরটির চারপাশে হুথিদের চাপ বাড়ছে।
তাইজ ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং দীর্ঘদিন ধরে দেশটির সংঘাতের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র। শহরটি বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও উত্তর, পূর্ব ও পশ্চিম দিক থেকে হুথিদের চাপ রয়েছে।
তাইজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে লড়াই শুরু হওয়ার মধ্যে ইয়েমেনে সংঘাত আরও তীব্র হয়েছে। গত কয়েক দিনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং বিমান অভিযান বেড়েছে। একই সময়ে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।
তাইজের গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন হওয়ার ফলে শহরটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।