নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নৌপথ, পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নিয়েছে নৌ পুলিশ। এ উপলক্ষে রোববার (৪ অক্টোবর) রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপ, নদীপথ ও খেয়াঘাটের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখা এবং নৌপথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নৌ পুলিশের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মো. রেজাউল করিম বলেন, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।
তিনি প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা, নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করা এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পূজামণ্ডপ, প্রতিমা বিসর্জনস্থল ও গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌ পুলিশের নেওয়া নিরাপত্তামূলক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা। একই সঙ্গে নৌ পুলিশের দেওয়া নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আশ্বাস দেন তারা।