প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনায় সাফা কবিরকে ঘিরে নতুন কৌতূহল

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনে তারকাদের বিয়ে, বিচ্ছেদ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। তবে প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য চলছে, তখন ভিন্ন কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির।

কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর একটি নির্ভার মুহূর্তের ছবি ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের কৌতূহল।

প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতে উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন সাফা কবির। সময়ের পরিক্রমায় প্রীতম-শেহতাজের সেই সম্পর্কে ইতি টানার ঘোষণা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে সাফার নাম।

এর পেছনে অবশ্য সাফার কোনো মন্তব্য নেই। বরং অভিনেত্রী এখনো বিয়ে না করায় নেটিজেনদের একাংশ মজার ছলে তাঁর বর্তমান জীবনযাপনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন।

এর মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফুরফুরে মেজাজের একটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশি ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে ছিল জুসের গ্লাস। সামনে রাখা ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।

ছবির পেছনে নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো পরিবেশে যোগ করেছে স্বস্তিদায়ক আবহ। পোস্টের সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেন অভিনেত্রী।

সাফার এই ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য। কেউ তাঁর পোস্টকে নিছক মজার ও স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখেছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে নিয়েছেন।

একজন মন্তব্য করেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

নেটিজেনদের কেউ কেউ মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন একের পর এক তারকার বিয়ে, সম্পর্ক ও বিচ্ছেদের খবর আলোচনায় আসছে, তখন সাফার এমন নির্ভার পোস্ট সেই আলোচনার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে।

তবে সাফা কবির তাঁর পোস্টে বিয়ে, বিচ্ছেদ কিংবা প্রীতম-শেহতাজের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাঁকে ঘিরে তৈরি হওয়া আলোচনা আপাতত নেটিজেনদের কৌতূহল ও মজার মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *