ইমরান সমর্থকদের আন্দোলন স্থগিতের আহ্বান শেহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে শুরু হওয়া লং মার্চ স্থগিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পিটিআই নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, লং মার্চ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি বলেন, “আমি প্রত্যাশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। লং মার্চ ও অবস্থান কর্মসূচি শেষ করুন। এসব বন্ধ করলেই আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসব।”

ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের লং মার্চ শুরু হয় গত রোববার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই পদযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে উত্তেজনা প্রশমনে সরকার ও পিটিআইয়ের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তা সফল হয়নি। এর পরই ইমরান খানের সমর্থকরা নতুন করে আন্দোলনে নামেন।

শেহবাজ শরিফ বিক্ষোভের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করা রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার শামিল।

তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং যেকোনো মূল্যে তা নিশ্চিত করা হবে।

এদিকে বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর লং মার্চ শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ইমরান খানের সমর্থনে হাজারো মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ওই বছরের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংসতার পর থেকে তিনি দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন।

তবে ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার আইনজীবীরা। তাদের দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে ইমরান খানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *