জুলাই যোদ্ধা ফয়সালের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন সদর ইউএনও

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের জুলাই যোদ্ধা ফয়সাল হাওলাদারের উন্নত চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ফয়সাল হাওলাদারের হাতে অনুদানের চেক তুলে দেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। এ সময় তিনি ফয়সালের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।

সহযোগিতার চেক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ফয়সাল হাওলাদার। তিনি জানান, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ডান হাতের রগ কেটে দেয়। এতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে পঙ্গুত্ব ও চরম আর্থিক সংকটে ভুগছিলেন তিনি।

ফয়সাল হাওলাদার বলেন, হামলার পর থেকে তার ডান হাত স্বাভাবিকভাবে কাজ করছে না। চরম আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় হাতটি চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে তার অসহায়ত্ব তুলে ধরে সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

তিনি আরও জানান, সংবাদটি নজরে আসার পর ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। তবে অস্ত্রোপচারের পর নিয়মিত ওষুধ ও চিকিৎসার ব্যয় বহন করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে।

উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফয়সাল বলেন, প্রতিদিন তাকে অনেক টাকার ওষুধ খেতে হয়, যা কেনার মতো সামর্থ্য তার নেই। এমন কঠিন পরিস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পাশে দাঁড়িয়েছেন। এই অনুদান তার চিকিৎসার জন্য অনেক বড় সহায়ক হবে।

চেক হস্তান্তরকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পড়ে ফয়সালের প্রতি সমবেদনা জাগে এবং তার চিকিৎসার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার হাতে অনুদানের চেক তুলে দিতে পেরে ভালো লাগছে।

তিনি বলেন, অর্থের অভাবে এই তরুণের চিকিৎসা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হবে। পরবর্তীতেও তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *