আজকের যত্নই আগামীর সুস্থতা নিশ্চিত করবে: ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। তিনি বলেছেন, “কিশোরীরাই আমাদের আগামীর সমাজ ও সুন্দর দেশ গড়ার কারিগর। আজ যদি তারা সঠিক স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি নিশ্চিত করতে পারে, তবেই আমরা একটি সুস্থ ও সবল ভবিষ্যৎ প্রজন্ম উপহার পাব। তাই আজকের যত্নই আমাদের আগামীর সুস্থতা নিশ্চিত করবে।”

৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ‘আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব শুধু আমাদের পরিবেশের ওপরই নয়, মানুষের স্বাস্থ্যের ওপরেও সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে বাড়ন্ত বয়সে কিশোরীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশের দিকে আমাদের বাড়তি নজর দেওয়া জরুরি। উপজেলা প্রশাসন তরুণ ও কিশোরীদের দক্ষতা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সেলিনা এ চৌধুরী। তিনি কিশোরীদের মনস্তাত্ত্বিক বিকাশ ও প্রাত্যহিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিভিএইচপি প্রকল্পের চাইল্ড রাইটস অফিসার নাসরিন আক্তার, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাসুদা আক্তার এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান। চিকিৎসকরা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যঝুঁকি এবং সচেতনতার মাধ্যমে তা প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তথ্য ও প্রযুক্তিবিষয়ক সচেতনতা বাড়াতে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন।

দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কিশোরী শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। বক্তারা প্রত্যেকেই কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ুসহিষ্ণু সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *