মোঃ আরাফাত হোসেন:
মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’। আগামী ডিসেম্বরে ‘এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ’ মূল স্লোগানে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যাথলিট স্পোর্টস গিয়ারের আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১০ অক্টোবর (শনিবার) রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহবুবুল আলম। আগামী ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন ইভেন্ট ও কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে ১৪ ডিসেম্বর রানারদের মধ্যে কিট বিতরণ করা হবে। ১৫ ডিসেম্বর কনসার্ট ও আকর্ষণীয় ড্রোন শো এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ভোরে (সাড়ে চারটায়) রাজধানীর ৩০০ ফিট রাস্তায় মূল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
খুব শিগগিরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। এবারের ম্যারাথনে দেশের প্রতিশ্রুতিশীল রানারদের পাশাপাশি সার্কভুক্ত প্রতিটি দেশ থেকে অন্তত ৫ জন করে আন্তর্জাতিক দৌড়বিদ অংশ নেবেন। এ ছাড়া প্রতিযোগিতার জাঁকজমক বাড়াতে বিশ্বসেরা খ্যাতনামা কয়েকজন আন্তর্জাতিক রানার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক ম্যারাথন দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাথলিট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা মো. সেজান মাহমুদ লিংকন, জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় তপু বর্মন, শেখ মোরসালিন, মাতসুশিমা সুমাইয়াসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।