স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। উপযুক্ত সুযোগ ও পারস্পরিক লাভজনক সমঝোতা হলে বিপিএলে বিনিয়োগ করতে চান তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বিনিময় কর্মসূচি চালুর আগ্রহও জানিয়েছেন এই পাকিস্তানি ব্যবসায়ী।
বর্তমানে আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সামিন রানা বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানান।
তিনি বলেন, “বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষেত্রে অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু নির্ভর করছে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। সুযোগ পেলে আমি বিপিএলের অংশ হতে চাই।”
বিপিএলের প্রশংসা করে সামিন রানা বলেন, লিগটি কিছু সময় ধরে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ বিবেচনায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে এতটা সংগ্রাম করার কথা নয় বলে তিনি মনে করেন।
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনার কথাও জানান সামিন। তাঁর ভাষ্য, পিএসএলে ১১ বছর কাজ করার অভিজ্ঞতা এবং দক্ষিণ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগ, টি-টেন লিগ ও ক্রিকেট কানাডার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তাঁরা বিপিএলের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
সামিন বলেন, “বছরের পর বছর ধরে আমাদের অনেক জ্ঞান ও অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমরা কীভাবে বিপিএলকে আরও উন্নত করা যায়, তা নিয়ে কিছু চিন্তাভাবনা ভাগাভাগি করেছি। উভয় পক্ষের জন্য লাভজনক কোনো সুযোগ তৈরি হলে বিপিএলের অংশ হতে আমি খুবই আনন্দিত হব।”
লাহোর কালান্দার্সের মালিক আরও জানান, বাংলাদেশে কাজ করার সুযোগ পেলে তিনি তা কাজে লাগাতে চান। বিপিএলে দল কেনার সুযোগ না হলেও বিসিবির সঙ্গে ক্রিকেটার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে আগ্রহী তিনি।
এ প্রসঙ্গে সামিন বলেন, সম্প্রতি গায়ানার যুব ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের একটি চুক্তি হয়েছে। এর আওতায় গায়ানা থেকে খেলোয়াড় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জিম্বাবুয়ের আটজন ক্রিকেটার ছয় সপ্তাহের জন্য ইসলামাবাদের হাই পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও এ ধরনের সুযোগ তৈরির আশাবাদ ব্যক্ত করে সামিন বলেন, বাংলাদেশ চাইলে পাকিস্তানে এসে প্রশিক্ষণ নেওয়া এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরিতে তিনি আগ্রহী।
বিপিএলে বিনিয়োগের পাশাপাশি দুই দেশের ক্রিকেটের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও দেখছেন লাহোর কালান্দার্সের এই মালিক। তবে বিপিএলে দল কেনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তির কথা জানানো হয়নি।