সাতকানিয়ায় জামায়াতের উদ্যোগে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল আজিজ আল মাক্কী:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলার কেরানীহাটস্থ ‘সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে’ এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, জেলা সহসভাপতি প্রদীপ দাশ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রাজীব কুমার ধর, লোহাগাড়া উপজেলা সদস্য সচিব ও চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ দাশ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির সদস্য সচিব রাজীব নন্দী, লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি রাজু ধর রাজ এবং সাতকানিয়া পূজা উদযাপন কমিটির সদস্য উত্তম দাশ।
এ ছাড়া জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া থানা আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌরসভার নায়েবে আমির মুহাম্মদ শাহ আলম, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া থানা সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালেক, শাহাদাত হোসাইন এবং অধ্যক্ষ হোসাইন আল হিশাম জাবেদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্য
সভাপতির বক্তব্যে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে দেশে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।”
তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় দুর্গাপূজা উদযাপনে নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
হিন্দু নেতৃবৃন্দের অনুভূতি
মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় দীর্ঘকাল ধরে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য বিরাজমান। যেকোনো সংকটে ও প্রয়োজনে তারা জামায়াত-ছাত্রশিবির এবং আলেম-ওলামাদের সব সময় পাশে পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেকোনো মূল্যে এই সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *