কালকিনি-ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে মায়ের সঙ্গে অভিমান করে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার ঘটনায় মিম আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার খুনেরচর গ্রামের প্রবাসী রাশেদ সরদারের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মিম আক্তার কিছুদিন ধরে তাঁর বাবা-মাকে নিয়ে মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মৃধার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে মায়ের সঙ্গে অভিমান করে তিনি ওই ভবনের তিনতলার ছাদ থেকে নিচে ঝাঁপ দেন বলে জানা গেছে।
এ সময় মাটিতে পড়ে গুরুতর আহত হন মিম। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে মিম ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহতের বাবা আলামিন খান বলেন, কী কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে, তা এখনই বলতে পারছেন না।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। মিম আক্তারের অল্প কিছুদিন আগে বিয়ে হয়েছিল এবং তাঁর স্বামী প্রবাসে থাকেন বলে পুলিশ জানতে পেরেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।