জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর শহরে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রম। সড়কের পাশে ব্যানার-ফেস্টুন টাঙানো, বিভিন্ন স্থানে রং করা এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিএনপি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়কসহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কের পাশে বর্ণিল ব্যানার ও ফেস্টুন লাগানো হচ্ছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য সড়কের বিভিন্ন স্থানে রং করা এবং ডিভাইডার মেরামতের কাজ চলছে। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরে যাবেন। সেখান থেকে সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরে রাজশাহী থেকে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমন ঘিরে তাঁরা উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরে যাবেন। সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানাবেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে রং করা, ডিভাইডার মেরামত এবং ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।