স্টাফ রিপোর্টার:
পাহাড়ি জনপদ বান্দরবানে চার দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু। সফরকালে তিনি সহযোগী সংস্থার বাস্তবায়িত প্রকল্প সরেজমিনে ঘুরে দেখবেন এবং জেলায় কর্মরত সংস্থাগুলোর নির্বাহী প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত ভ্রমণ সূচিতে এ তথ্য জানা গেছে।
সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টায় ঢাকার বাসা থেকে অফিসের গাড়িতে বান্দরবানের উদ্দেশে রওনা দেবেন চেয়ারম্যান। বিকেল ৩টায় বান্দরবান সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে জেলা প্রশাসককে।
পরদিন ২১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় সহযোগী সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প পরিদর্শনে যাবেন তিনি। এ ক্ষেত্রে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থা ‘আগাপে’র নির্বাহী পরিচালককে।
সফরের তৃতীয় দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলায় কর্মরত সহযোগী সংস্থাগুলোর নির্বাহী প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারম্যান। এর আয়োজনের ব্যবস্থা নিতে বলা হয়েছে ‘উন্নয়নের দৃষ্টি’র নির্বাহী পরিচালককে।
সফর শেষে ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বান্দরবান সার্কিট হাউস ত্যাগ করে ঢাকার পথে রওনা দেবেন তিনি। সন্ধ্যা ৬টায় ঢাকার বাসায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ৮ অক্টোবর চেয়ারম্যানের পিএস মুহাম্মদ হামিদুর রহমানের স্বাক্ষরে এই সূচি জারি করা হয়। এর অনুলিপি পাঠানো হয়েছে বান্দরবানের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানার অফিসার ইনচার্জের কাছে। একই সঙ্গে ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক (ফাইন্যান্স/কর্মসূচি), সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ এবং বান্দরবানে কর্মরত সহযোগী সংস্থার নির্বাহী পরিচালকদেরও অবহিত করা হয়েছে।