মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ১ হাজার ৪৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক, ছিনতাই ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ১৮ অক্টোবর ২০২৬, রোববার দিনগত রাত পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ জন মাদক ব্যবসায়ী, ২৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১২ জন, একজন চোর, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানা এলাকায় ৬৩০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত একজন ও নিয়মিত মামলার একজনসহ ওই থানা এলাকায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আটজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, সোনারগাঁও থানা পুলিশ ৩০১ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া বন্দর থানা পুলিশ মাদকসেবী দুইজন ও অন্যান্য মামলায় পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ একজন মাদকসেবী, একজন ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অন্যান্য মামলায় দুইজন এবং আড়াইহাজার থানা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।