আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) অন্যতম শীর্ষ কমান্ডার আদিল শাহ ওরফে দরবেশ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাঁর সন্ধানদাতার জন্য ২৫ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, আদিল শাহ ২০২০ সালের ডিসেম্বরে টিটিপিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসেন। ২০২৪ সালে তাঁকে টিটিপির আর্থিক বিষয়াবলি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি বেলুচিস্তানের ঝোব, শেরানি ও শাবান এলাকায় বাইরে থেকে আসা জঙ্গিদের থাকার ব্যবস্থা করতেন বলেও দাবি করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো আরও জানিয়েছে, ২০২২ ও ২০২৩ সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং মুক্তিপণের জন্য অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আদিলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে ১৯টি মামলা দায়ের করা হয়েছিল বলেও সূত্রগুলো জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের দাবি, বেলুচিস্তানে পরিচালিত ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা-৩’-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানসহ বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার ঘটনা বেড়েছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ।
পাকিস্তানের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী দেশটির নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে কাবুলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
তবে কয়েক দফা আলোচনা হলেও পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের মধ্যে বিরোধের নিষ্পত্তি হয়নি। আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো অব্যাহত রয়েছে।