নেত্রকোনায় তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। এ ঘটনায় কথিত প্রেমিক বিল্লাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২), রুস্তম আলীর ছেলে হারুন মিয়া (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তরুণীটি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে বিল্লালসহ কয়েকজন তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *