দেশে হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু নতুন আক্রান্ত ১ হাজার ২৯৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৯৫ জনের মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। তাঁদের সবাই ঢাকা বিভাগের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এ ছাড়া এ সময়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *