আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন আটকানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানি বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা হরমুজের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ স্পাই ড্রোন নিরাপদে ভূপাতিত করে।
বিবৃতিতে দাবি করা হয়, ড্রোনটির উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা। ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি পারস্য উপসাগরীয় কোনো দেশের উপকূল থেকে উড্ডয়ন করেছিল।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে এ গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
ইরান নতুন করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।