চকরিয়ায় জাতীয় যুব দিবস পালিত যুব ঋণের চেক বিতরণ

আরাফাত হোছাইন:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই বিপুল যুবশক্তিকে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত করা গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবসমাজের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর বিকল্প নেই। এ জন্য মানসম্মত শিক্ষার পাশাপাশি সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

বক্তারা আরও বলেন, বেকারত্ব, শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতার অসামঞ্জস্য, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ তরুণদের সামনে বড় বাধা হিসেবে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের পরিধি বাড়াতে হবে। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নির্বাচিত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ওমর আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, চকরিয়া যুব পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নারী উদ্যোক্তা রুনা আক্তার, কহিনুর আক্তার, খুকিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে চকরিয়ার যুবসমাজ নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *