শাকিল হত্যা মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে মিন্টু

নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুই দফায় মোট পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৪ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়।

এদিন দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকালে নুরুজ্জামান মিন্টুকে নাটোর জজ কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাতে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পরদিন তাকে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথম দফার রিমান্ড শেষে মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুই দফায় মোট পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *