মোঃ মাহমুদুল হাসান:
সার ডিলার নিয়োগে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে নীতিমালার বাইরে কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটোখেত এবং একই ইউনিয়নের বিলবৈটা এলাকায় উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, সার ডিলার নিয়োগের জন্য সরকার একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। এতে ডিলার হওয়ার জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করলেই একজন ব্যক্তি ডিলারশিপ পাওয়ার যোগ্য হবেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষর বা সিদ্ধান্তে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।
তবে নীতিমালার বাইরে গিয়ে কোথাও কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী স্থানীয় কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎপাদন কার্যক্রম, চাষাবাদ পদ্ধতি ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা।